থাই পেয়ারায় ভাগ্য বদলের স্বপ্ন
থাই পেয়ারার চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন যশোরের শার্শা উপজেলার ছয় শতাধিক যুবক।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত ‘থাই-৩’ হাইব্রিড জাতের পেয়ারাসহ থাই-৫ ও ৭ জাতের পেয়ারা চাষ করেন তারা।
এই পেয়ারা পাওয়া যায় বছরের বারো মাস। সব খরচ বাদ দিয়ে তারা প্রতি বিঘায় দুই লাখ টাকা ঘরে আনার স্বপ্ন দেখছেন।
পুরো শার্শা উপজেলাজুড়েই পেয়ারা চাষ হলেও সবচেয়ে বেশি হয় বেনাপোল, বাহাদুরপুর, ধান্যখোলা, কাশিপুর, ফুলসরা, বাগআচড়া ও বসতপুর এলাকায়।
শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হীরক কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলায় এবার ছয় শতাধিক চাষি অন্তত এক হাজার বিঘা জমিতে পেয়ারা চাষ করেছেন।
“উপজেলার ১২০ হেক্টর জমিতে কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় পেয়ারার চাষ হয়েছে।”
তবে তাদের পরামর্শ ছাড়া ব্যক্তিগত নিয়মেও অনেকে পেয়ারা চাষ করেছেন বলে জানান তিনি।
বাগআচড়া বসতপুর কলোনির মাদ্রাসা শিক্ষক মনিরুজ্জামান ১৫ বিঘা জমিতে থাই পেয়ারা চাষ করে খরচ বাদে মৌসুম শেষে ১৫ লাখ টাকা লাভের আশা করছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিঘা প্রতি সব মিলিয়ে খরচ পড়ে ৫৫/৬০ হাজার টাকা। আর ফলন পাওয়া যায় দেড় থেকে দুলাখ টাকার।
“প্রথম বছর তাই খরচ একটু বেশি। তবে, দ্বিতীয় বছর থেকে খরচ অর্ধেকে নেমে আসবে এবং ফলন ও পাওয়া যাবে দ্বিগুণ।”
পেয়ারা ক্ষেতে সাথী ফসল হিসেবে কুল, মিষ্টি কুমড়া, লাউ, মরিচ, বেগুন, টমেটো, কলা, পেঁপে ও সবজি করা যায়।
এগুলো বিক্রি করেও বছরে তার অন্তত ৬ লাখ টাকার উপরে আয় হবে বলে জানান মনিরুজ্জামান।
চৌগাছা উপজেলার রায়হান উদ্দিন পেয়ারা চাষ করেই জীবন-জীবিকার অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছেন, যা অন্যদেরকে অনুপ্রণিত করে।
অল্প পুঁজি নিয়ে শুরু করলেও রায়হান এখন অনেক কিছু করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বছর আগে রাজশাহী থেকে ‘থাই ৩’ জাতের পেয়ারার চারা এনে চার বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন।
“তিন বছরে লাভ হয়েছে ১৯ লাখ টাকা।”
এবার ওই মাঠের ৩৬ বিঘা জমিতে ৬ হাজার পেয়ারার চারা লাগিয়েছেন বলে জানান তিনি।
চলতি বছর সকল খরচ বাদে ২০ লাখ টাকা ঘরে আসবে বলে আশা করছেন এই কৃষক।
বাগআচড়ার রসুলপুর মাঠে কথা হয় পেয়ারা চাষি মাছুম বিল্লাহ, মতিয়ার রহমান, খোকন ও মিজানের সঙ্গে।
মাছুম বলেন, “এই মাঠে এ বছর নতুন করে ১৭ বিঘা জমিতে পেয়ারা গাছ লাগাইছি। একদিন বাদে একদিন ৫শ’ কেজি করে পেয়ারা পাচ্ছি। প্রতিকেজি পেয়ারা বিক্রি করছি ৫০/৯০ টাকায়।”
প্রতি বিঘায় দুলাখ টাকার পেয়ারা বিক্রি করার আশা করছেন তিনি।
তিনি আরও জানান, গত বছর ৮ বিঘা জমিতে পেয়ারা চাষ করেছিলেন। বর্তমানে তার বাগান রয়েছে দুইটি।
ভালো ফলনের জন্য নিয়মিত সেচ ও সার দিতে হয়। বাগান পরিচর্যার জন্য ৬/৭ জন লোক রাখার পাশাপাশি ব্যাপক শ্রমও দিতে হয় বলে জানান তিনি।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শওকত আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের দ্বিতীয় শস্য বহুমুখী প্রকল্পের আওতায় পেয়ারার বাগান করার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
“পোকা পেয়ারার বড় শত্রু, তাই পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিটি পেয়ারায় ‘পলিথিন ক্যাপ’ ব্যবহার করা হচ্ছে। এতে চাষিরা ভালো সুফল পাচ্ছেন।”
