২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

আধিপত্য বিস্তারের চেষ্টায় ঢাকা কলেজে গভীর রাতে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 12:48 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

এ ঘটনায় কলেজের ছাত্রাবাসগুলোতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা কলেজ ছাত্রলীগের এক কর্মী জানান, বুধবার গভীর রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন সমর্থিত দুটি পক্ষের মধ্যে এই ‘গণ্ডগোল’ হয়।

কলেজের নর্থ হলে ছাত্রলীগ নেতা সোহেল রানার সমর্থকরা আরেক নেতা মো. রাসেলের সমর্থকদের উপর হামলা চালিয়ে হল থেকে বের করে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া চলে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক সোহেল রানা বলেন, “ছাত্রলীগের কিছু জুনিয়র ছেলে সিনিয়রদের সঙ্গে খারাপ ব্যবহার করায় সামান্য সমস্যা হয়েছে। ঢাকার বাইরে থাকায় এর বেশি কিছু বলতে পারছি না। ঢাকায় ফিরে সমস্যা মিটিয়ে ফেলব।”

নিউ মার্কেট থানার ওসি ইয়াসির আরাফাত জানান, গভীর রাতে গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ রাতেই ঢাকা কলেজে যায়। এ ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর তিনি পাননি।