অনুপ্রবেশের সময় বেনাপোলে নারী ও শিশুসহ আটক ১০
অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়েছেন নারী ও শিশুসহ ১০ জন।
মঙ্গলবার রাতে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয় বলে বিজিবির পুটখালি ক্যাম্পের সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানিয়েছেন ।
আটকরা হলেন- বরিশালের কবিতা বিশ্বাস (৩৫), খুলনার শাহিদা বেগম (২০), দিপিকা দাস (১৮), বিনোদ দাস (৫৬), সুশীল চন্দ্র (৫২), পুতুল বৈদ্য (৩০), তপু বৈদ্য (১৭), যশোরের রবিউল ইসলাম (২৫), বাগেরহাটের আল-আমিন (২২) এবং নড়াইলের বিকাশ চন্দ্র (৪৫)।
সুবেদার শফিউদ্দিন জানান, আটকরা ভারতের বিভিন্ন শহরে কাজ করতেন।
“অর্থের বিনিময়ে ভারতীয় দালালরা তাদেরকে বাংলাদেশে পাঠানোর কথা বলে সীমান্তে এনেছিল বলে তারা জানিয়েছে। সীমান্ত পার হওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদেরকে ফেলে দালালরা পালিয়ে যায়।”
আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি অপূর্ব হাসান।
