২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ক্যাম্পাসের জন্য আরও জমি কিনছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আবাসন সঙ্কট দূর করতে আরও জমি কিনে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বাঘৈর এলাকায় স্থাপিত দ্বিতীয় ক্যাম্পাসের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

কাজী নাফিয়া রহমান

 জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 12:57 AM

Updated : 25 Apr 2022, 01:43 PM

জমি কেনার জন্য ইতোমধ্যে সরকারের কাছে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি, আগামী ১৩ অগাস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি বাঘৈরে ৩৪৯.৫ শতাংশ জমির উপর এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছিল।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছিলেন, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অত্যাধুনিক একটি ছাত্র হল এবং ২০ তলা ভবন বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনের সাত মাস অতিক্রম করার পরও দ্বিতীয় ক্যাম্পাসে কোনো ধরনের নির্মাণ কাজ শুরু করেনি কর্তৃপক্ষ।

এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেনা জমিটি যথেষ্ট না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে আরও জমি কেনার পরিকল্পনা নিয়েছে। নতুন জমি কেনার পরই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হবে।

এ বিষয়ে উপাচার্য মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওখানে যতটুকু জায়গা আমরা কিনেছি, তার আশেপাশের কিছু ভূমির মালিক আমাদেরকে চিঠি দিয়েছে, তারাও জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে জমি বিক্রি করতে চায়।

“সে ফরমাল লিস্টটা আমরা সরকারের কাছে দিয়েছি। সরকারের অনুমোদন চাওয়া হয়েছে এ জায়গাটা কেনার জন্য।”

কী পরিমাণ জমি কেনার পরিকল্পনা রয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “প্রায় ১০ বিঘার মতো কিনেছি। তারা আরও ১০ বিঘার মতো বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে। এগুলোর মধ্যে যাচাই-বাছাই করার ব্যাপার আছে।”

জমি কেনার পরের পরিকল্পনার বিষয়ে উপাচার্য বলেন, “সরকারের কাছে আমরা একটি পরিকল্পনা সাবমিট করেছিলাম। ১২০ কোটি টাকার মতো একটি প্রকল্প আমাদের বিশ্ববিদ্যালয়ের নামে ডেভেলপমেন্ট প্ল্যানে অন্তর্ভুক্ত হয়েছে।”