চট্টগ্রামে নালায় আবর্জনা ফেলায় জরিমানা
চট্টগ্রামে নালায় ময়লা-আবর্জনা ফেলায় এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরীর লাভ লেইন ও পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিসিসির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
ভ্রাম্যামাণ আদালতের সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের সেফটিক ট্যাংকের নির্গমন নল নালার সঙ্গে যুক্ত করে মলমূত্র নালায় ফেলায় লাভ লেইনের দেলা টাওয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পশ্চিম মাদারবাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাদামাটি ফেলে পাশের নালা ভরাট করায় ভবন মালিক রুহুল আমিনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত কয়েকদিন ধরে নগরীর টেরি বাজার, খাতুনগঞ্জ, আছাদগঞ্জসহ বিভিন্ন এলাকায় নালায় আবর্জনা ও পাইলিং এর মাটি ফেলার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিসিসির ভ্রাম্যমাণ আদালত।
