২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় আগের পদ্ধতি পুনর্বহালে রুয়েটে অবস্থান কর্মসূচি

পরীক্ষায় আগের মূল্যায়ন পদ্ধতি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 10:28 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার দুপুরে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপাচার্য দপ্তরের সামনে এ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা জানান, এক বর্ষ (শ্রেণি) থেকে আরেক বর্ষে উত্তীর্ণ হতে তাদেরকে ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করতে হয়। কেউ তা অর্জন করতে না পারলে মান উন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল।

২০১২ সেশনের পর থেকে এ পদ্ধতি তুলে নেওয়ায় শিক্ষার্থীদের কেউ ন্যূনতম ক্রেডিট অর্জন না করতে পারলে মান উন্নয়নের আর সুযোগ না থাকায় তাকে সেই বর্ষেই থাকতে হচ্ছে।

এই পদ্ধতি বাতিলের দাবিতে প্রায় দুই মাস ধরে আন্দোলন করে আসছেন এই শিক্ষার্থীরা।

এদিকে, রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, পরের ক্লাসে ওঠার জন্য শিক্ষার্থীদের ৪০ ক্রেডিটের মধ্যে ৩৩ ক্রেডিট অর্জন করতে হয়, যা আগে ছিল ৩৫ ক্রেডিট।

“শিক্ষার্থীদের কথা চিন্তা করে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এটা ৩৩ ক্রেডিটে নামিয়ে আনা হয়েছে।”

ন্যূনতম ক্রেডিট অর্জনে ব্যর্থ হওয়ায় অনেকের দুই বছর এক শ্রেণিতে থাকার ঝুঁকি তৈরি হয়েছে বলে শিক্ষার্তীদের অভিযোগও নাকচ করেন তিনি।

উপাচার্য বলেন, ২০১৩ শিক্ষাবর্ষের ৭২৫ জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

“আর এরাই এই ভিত্তিহীন আন্দোলন করছে।”