২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হা লং বে’তে রাষ্ট্রপতি

ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব ঐতিহ্য’ ভিয়েতনামের হা লং বে পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্ত্রী রাশিদা খানম এ সময় তার সঙ্গে ছিলেন।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার দুপুরে হ্যানয় থেকে ১৬৫ কিলোমিটার পূর্বে কুয়াং নিন প্রদেশের ‘হা লং বে’তে পৌঁছান রাষ্ট্রপতি।

‘হা লং বে ম্যানেজমেন্ট অথরিটি’র আয়োজনে দুটি জলযানে রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীরা হা লং বে’র বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।

রাজধানী হ্যানয় থেকে যাওয়ার পথে আবদুল হামিদ প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচালিত ‘হফ ন’ নামের একটি প্রতিষ্ঠানে যাত্রাবিরতি করেন। সেখানে তিনি প্রতিবন্ধীদের তৈরি করা ভিয়েতনামের ঐতিহ্যবাহী পোশাক ও পাথরের ভাস্কর্য তৈরির প্রক্রিয়া দেখেন।

১৫৫৩ বর্গ কিলোমিটার এলাকা ও ১২০ কিলোমিটার সমুদ্রতটের হা লং বে’তে ২ হাজারের বেশি ছোট ছোট দ্বীপ রয়েছে।

১৯৬২ এবং ১৯৯৪ সালে ইউনেস্কো হা লং বে কে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে। ২০১১ সালে ‘নিউ সেভেন ওয়ান্ডার্স’ হিসেবে ঘোষণা করা হয়।

১৪ প্রজাতির উদ্ভিদ ৬০ প্রজাতির প্রাণির আবাসস্থল এই হা লং বে।

ভিয়েতনামের উপকথা অনুযায়ী, প্রাচীনকালে উপকূলবাসীদের প্রার্থনায় ঈশ্বর দস্যুদের হাত থেকে পরিত্রাণের জন্য ড্রাগন প্রেরণ করেন। সেই সব ড্রাগনের লালা ঝরে সাগরে পড়ে মনিমাণিক্যের সৃষ্টি হয়। হা লং বে’র চুনা পাথরের পাহাড়গুলোও একইভাবে তৈরি হয় বলে স্থানীয়দের বিশ্বাস।