২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সামুসহ ৬৪ জনকে আসামি করে মামলা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমলী আদালতে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শহীদুজ্জামান খান ওরফে ভিপি শহীদ।

বিচারক অঞ্জন কান্তি দাস ঘাটাইল থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মো. শাহান শাহ সিদ্দিকী মিন্টু।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু জাতীয় শোক দিবস পালনের জন্য সোমবার বিকালে ঘাটাইল ট্রাক মালিক সমিতিতে প্রস্তুতি সভা আহ্বান করেন। ওই সময় নজরুল ইসলাম সামুর নেতৃত্বে অন্যরা সেখানে উপস্থিত হয়ে আহ্বায়ককে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং শোক দিবস পালন করতে দেবে না বলে হুমকি দেয়।

এ সময় তারা চেয়ার, টেবিল, আলমারি, তৈজসপত্র ও দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ভাংচুর করে।

আসামিরা সবাই টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানার সমর্থক বলে জানিয়েছেন ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে সাক্ষী করা হয়েছে বলে বাদীর আইনজীবী জানান।