কর্ণফুলী চ্যানেলে ১১ জাহাজকে জরিমানা
বিনা অনুমতিতে বন্দর চ্যানেলে অবস্থানসহ বিভিন্ন অপরাধে কর্ণফুলী নদীতে ১১টি জাহাজকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার কর্ণফুলী নদীর বন্দর অংশ থেকে শাহ আমানত সেতু এলাকা পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে এই সাজার পাশাপাশি নদী ভরাট ও বন্দরের জমিতে বার্জ নির্মাণের অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধিত ২০০৫) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় এসব লাইটার জাহাজ, ফিশিং ট্রলার ও অয়েল ট্যাংকারকে জরিমানা করা হয়।”
বিনা অনুমতিতে বন্দর চ্যানেলে চলাচল, চ্যানেল দখল করে রাখা, অতিরিক্ত পণ্য বোঝাই, মাস্টার ও ড্রাইভারের বৈধ সনদ না থাকা ও নিরাপত্তা সরঞ্জাম না রাখায় এসব জরিমানা করা হয় বলে জানান তিনি।
“এর মধ্যে এমভি আল-বখতিয়ারকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এমভি আরনিভ-১ ও এফভি গাংচিল-১ কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এমভি মাস্টার সানিয়াত-১ কে ৪০ হাজার টাকা, এমভি অপরুপা ও এফভি মদিনা-২ কে ৩০ হাজার টাকা করে, এফভি শাহ আমানত ও ওটি সাফওয়ানকে ২০ হাজার টাকা করে এবং এফভি আর হাসান-১, এফভি সি কুইন ও এফভি ব্রাদার্স-২ কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া জুট র্যালি ঘাট-১ সংলগ্ন এলাকায় বন্দরের জমিতে বার্জ নির্মাণ ও নদী ভরাটের অপরাধে ইকবাল মাহমুদ রাসেল ও নাজিমুদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এজেন্সিকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলেও জানান আবুল হাসেম।
অভিযানে বন্দরের নিজস্ব আনসার বাহিনী সহায়তা করে। এসময় উপস্থিত ছিলেন বন্দরের প্রসিকিউশন অফিসার আব্দুস সাত্তার ও পেশকার আমিনুল ইসলাম।
