যৌন নিপীড়ন: প্রধানমন্ত্রীকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি
বর্ষবরণ উৎসবে নারীদের যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে সিপিবি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন।
সংগঠনের সাধারণ সম্পাদক লাকী আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন, যার সঙ্গে যৌন নিপীড়নের প্রতিবাদ জানিয়ে কয়েক লাখ মানুষের স্বাক্ষর রয়েছে।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ, মহানগরের সাধারণ সম্পাদক সুমন সেন গুপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাশ ছিলেন।
গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের উৎসবের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়। তাতে বাধা দিতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন।
সে সময় চার নিপীড়ককে ধরে দুই পুলিশ কর্মকর্তার কাছে দেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার করা হয়।
ঘটনার পর থেকে নিপীড়কদের গ্রেপ্তারের দাবিতে ‘পাল্টা আঘাত’ ব্যানারে ধারাবাহিক কর্মসূচি পালন করে ছাত্র ইউনিয়ন। যৌন নিপীড়নের বিরুদ্ধে দেশ-বিদেশে গণস্বাক্ষর সংগ্রহ করে তারা।
‘১০ লাখ স্বাক্ষর’ সম্বলিত স্মারকলিপিতে পহেলা বৈশাখে যৌন নিপীড়নে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি ছাড়াও সে সময় ওই এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যদের ‘ধারাবাহিক অবহেলার’ নির্মোহ তদন্ত ও বিচার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চাওয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে হাই কোর্ট নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন এবং বাসা-শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জাতীয়ভাবে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন; নাটক, সিনেমা, বিজ্ঞাপন, শিল্প-সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধের দাবি করেছে ছাত্র ইউনিয়ন।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকী আক্তার, সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীসহ কয়েকজন বক্তব্য দেন।
যৌন নির্যাতনের বিচারের দাবি জানিয়ে হাসান তারেক বলেন, “দেশে একের পর এক যৌন হয়রানির ঘটনা ঘটেছে। পাশাপাশি শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। অথচ কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হচ্ছে না।”
নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
