রংপুরে বাসে পেট্রোল বোমা: আরও এক আসামি গ্রেপ্তার
বিএনপি-জামায়াতের অবরোধের সময় রংপুরে বাসে পেট্রোল বোমা ছুড়ে ছয় যাত্রী হত্যা ও ৩০ জনকে দগ্ধ করার মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর।
গ্রেপ্তার জুয়েল মিয়া (৩৪) উপজেলা জামায়াতের সদস্য বলে জানান উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান সরকার।
এ নিয়ে এই মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করা হল বলে জানান ওসি।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জুয়েল। সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসেছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৩ জানুয়ারি রাতে মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বাসে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়। দগ্ধ হন আরও ৩০ জন।
এ ঘটনায় দায়ের মামলায় জুয়েলসহ জামায়াত-শিবিরের ১৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে গত ১০ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছে বলে জানান ওসি।
