ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সহকারী নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলেজ রোড বাইপাস মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ট্রাকের সহযোগী নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ ঘটনায় কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকার হাসান আলী (২৭)নিহত হন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. হাসান জানান, ওখানে একটি রেস্তোরাঁয় খাওয়ার পর চালক ট্রাকটি ধীরে ধীরে চালাচ্ছিলেন। সে সময় তার সহকারী চলন্ত ট্রাকে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
