২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, এসআই বরখাস্ত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেককে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ জানান।

নাজিরপুর থানার ওসি মো. নাসির উদ্দিন মল্লিক জানান, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের সপ্তম  শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে মুগারজোর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সরিফুল ইসলাম (২৫)।

“মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের প্রলোভন দেখিয়ে গর্ভপাত করানো হয়। পরে ফাঁড়ি পুলিশের এসআই বারেক এবং স্থানীয় প্রভাবশালী চক্রের সহায়তায় মেয়েটি ও তার পরিবারকে এলাকা ছাড়া করা হয়।”

এ ঘটনার সঙ্গে এসআই বারেকের জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান ওসি।