নবাবগঞ্জে শিশু নিখোঁজ, মায়ের দাবি অপহরণ
ঢাকার নবাবগঞ্জে নিখোঁজ এক শিশুর কোনো হদিস দিতে পারেনি পুলিশ, যাকে অপহরণ করা হয়েছে বলে দাবি তার পরিবারের।
সোমবার সকালে শিশুটি নিখোঁজ হয় বলে নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান।
নিঁখোজ তামিম হোসেন (৪) উপজেলার কৈলাইল গ্রামের চৌধুরীহাটি এলাকায় তার মা মেহবুবা চৌধুরী ফারহানার সঙ্গে থাকে।
ফারহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দেড় বছর আগে নারায়ণগঞ্জ জেলার মিজমিজি এলাকার বাসিন্দা স্বামী শাহাদত হোসেন রনির সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর থেকে তামিম হোসেন ও ছোট ছেলে তালহা হোসেনকে নিয়ে নবাবগঞ্জের কৈইলাইল চৌধুরীহাটে বাবা মাহবুব চৌধুরীর বাড়িতে বসবাস করছেন বলে জানান তিনি।
“সোমবার সকাল ১০টার দিকে তামিম বাড়ির ফটকের বাহিরে বের হওয়ার পর থেকে আর তাকে খুঁজে পাইনি।”
এরপর নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন বলে জানান তিনি।
ডায়েরিতে তাকে কেউ অপহরণ করেছে বলে অভিযোগ করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান।
