মানবপাচার: মিয়ানমারের চার জনসহ গ্রেপ্তার ৬
চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে মিয়ানমারের চার নাগরিক ও দুই ‘মানব পাচারকারী’কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সকালে দামপাড়া এলাকায় সৌদিয়া বাস কাউন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) এবিএম ফয়জুল ইসলাম জানান।
এছাড়া পাচারের জন্য জড়ো করা অন্য দুই যুবককে উদ্ধার এবং গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে ছয়টি পাসপোর্ট জব্দ করা হয় বলে জানান তিনি।
মানবপাচারের অভিযোগে গ্রেপ্তাররা হলেন- মাহমুদুল হাসান (৪৬) ও আবুল কালাম (৪১)। মিয়ানমারের নাগরিকরা হলেন- আব্দুল হাফেজ (২৮), সৈয়দুল আমিন (২৫), নুরুল হক (২৫) ও মো. জাবেদ (২২)।
এ সময় এরশাদ (২৮) ও আইয়ূব (২৬) নামে দুইজনকে উদ্ধার করে পুলিশ, যাদের প্রথমে সিলেট নিয়ে সেখান থেকে সৌদি আরবে পাঠানোর পরিকল্পনা হয়েছিল বলে গোয়েন্দা কর্মকর্তা ফয়জুল জানান।
অভিযানের নেতৃত্বদানকারী গোয়েন্দা পুলিশের এসআই সজল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস কাউন্টারে অভিযানের সময় সন্দেহজনক আচরণের জন্য চারজনকে আটক করা হয়।
“পরে জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক বলে জানায়।”
সজল বলেন, মিয়ানমারের চার নাগরিক এবং দুই ‘মানবপাচারকারী’র কাছ থেকে ছয়টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
“এসব পাসপোর্টে মিয়ানমারের চার নাগরিক এবং উদ্ধার দুজনের ছবি লাগানো থাকালেও তাদের নাম ও ঠিকানার সঙ্গে মিল পাওয়া যায়নি। এগুলো ‘গলাকাটা’ পাসপোর্ট বলে আমাদের ধারণা।”
