গুইমারায় ৩ বাঙালি বসত বাড়িতে ভাংচুর
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাতিমুড়ায় তিন বাঙালি কৃষকের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার গভীর রাতের এ হামলার জন্য ইউনাইটেড পিপলস ডেমক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করলেও তারা তা অস্বীকার করেছে।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে স্থানীয় বাঙালিরা মানিকছড়ি-খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ভিক্ষোভ করেছে।
এ সময় তারা ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
হাতিমুড়া গ্রামের বাসিন্দা মো. ইমাদুল হক, মো. রাজ্জাক ও আবুল কালাম জানান, গভীর রাতে ‘পাহাড়ি সন্ত্রাসীরা’ তাদের বসতবাড়িতে ভাংচুর করে এবং লুটপাট চালায়।
রাতে তারা পাশের জংগলে পরিবারের লোকজন নিয়ে আশ্রয় নেন বলে জানান।
গুইমারা সাবজোন কমান্ডার মেজর মাহফুজুর রহমান চৌধুরী জানান, সকালে বাঙালিদের মিছিল চলাকালে কিছু লোক তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
সকল প্রকার নাশকতা এড়াতে অতিরিক্ত সেনা-পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে বলেও জানান মেজর মাহফুজুর।
গুইমারা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে।
এছাড়া গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহম্মেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজোরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাব্বি আহসানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা প্রচার ও প্রকাশনা শাখা প্রধান নিরন চাকমা অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, ভূমি বিরোধ নিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহল এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করছে।
