২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্যানারির বিরুদ্ধে অবমাননার রুল

রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প কারখানা স্থানান্তরে আদালতের নির্দেশনা বাস্তবায়নে ‘প্রতিবন্ধকতা সৃষ্টি করায়’ ১০ ট্যানারি মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 05:23 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল দেয়।

আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তার জবাব দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে ১০ ট্যানারি ব্যবসায়ীকে।

এরা হলেন- রানা লেদার ইন্ডাস্ট্রিজের আরেফিন সামছুল আলামিন, জুলেট এন্টারপ্রাইজের মো. সায়েদুল হক মাস্টার, পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান, সালাম ট্যানারির মো. আব্দুস সালাম, মেসার্স করিম লেদার ইউনিট-২ এর রেজাউল করিম আনসারী, মেসার্স মাহিন ট্যানারির আবদুল ওয়াদুদ মিয়া, মেসার্স নবীপুর ট্যানারির আব্দুল ওয়াহাব, মেসার্স এশিয়া ট্যানারির মো. মফিজ মিয়া ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।

দূষণের কারণে ঢাকার হাজারিবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিতে হাই কোর্ট ২০০১ সালে একটি রায় দেয়। এরপর ২০০৯ সালের ২৩ জুন আদালত এক আদেশে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের নির্দেশ দেয়। পরে সরকারপক্ষের আবেদনে ওই  সময়সীমা কয়েক দফা বাড়ানো হয়।

সবশেষ ২০১১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দেওয়া সময়ের মধ্যেও ওই আদেশ বাস্তবায়ন না করায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আদালত অবমাননার এই অভিযোগ করা হয়।

এই পরিপ্রেক্ষিতে গত বছর ১৫ এপ্রিল হাই কোর্ট রুল দেয়। এর ধারাবাহিকতায় পরে শিল্প সচিবের ব্যক্তিগত উপস্থিতি চেয়ে আবেদন করা হয়।

এ বিষয়ে শুনানি নিয়ে গত ২১ এপ্রিল আদালত শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে হাজির হতে নির্দেশ দিলে তিনি আদালতে গিয়ে ব্যাখ্যা দেন।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শিল্প সচিবের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রইস উদ্দিন আহমদ।

আদেশের পর আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “শিল্প সচিব নির্ধারিত দিনে আদালতে হাজির হন। পরে রায় বাস্তবায়নে অগ্রগতি প্রতিবেদন জমা দেন। এতে দেখা যায়, ওই দশটি প্রতিষ্ঠানকে বার বার তাগাদা দেওয়ার পরও তারা হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তরের পদক্ষেপ নেয়নি।”

এর মাধ্যমে আদালতের রায় বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বিবেচনায় আদালত অবমাননার রুল দিয়েছে বলে জানান এই আইনজীবী।