সিরাজ-আকরামের রায়ে প্রসিকিউশনের সন্তোষ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের রাজাকার নেতা সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারের মৃত্যুদণ্ড ও খান আকরাম হোসেন আজীবন কারাদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করে।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর হায়দার আলী সাংবাদিকদের বলেন, “অপরাধের মাত্রা অনুযায়ী সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া উপায় ছিল না।”
তিনি জানান, এক থেকে পাঁচ নম্বর অভিযোগে সিরাজ মাস্টারের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি চালিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলেছেন আদালত।
“মুক্তিযুদ্ধের সময় সে (সিরাজ মাস্টার) এতটাই তৎপরতার সঙ্গে মানুষ হত্যা করেছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।”
এক প্রশ্নের জবাবে হায়দার আলী জানান, মামলার বিচার চলাকালে অনেক সাক্ষী সিরাজ মাস্টার, খান আকরাম ছাড়াও তাদের কয়েকজন সহযোগীর নাম বলেছেন।
“কিন্তু দুই জনের অপরাধের মাত্রা এতটাই বেশি ছিল যে, তাদের (সহযোগী) হাজির না করে বিচার চালাতে কোনো সমস্যা হয় নাই।”
আরেক প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, “সিরাজ কসাই সম্পর্কে আমারা ট্রাইব্যুনালকে বলেছি, একাত্তরে প্রতিদিন সকালে মুক্তিযুদ্ধের স্বপক্ষের কাউকে হত্যা না করে সে নাস্তা করত না।”
স্কুলে শিক্ষকতা করার কারণে এলাকায় সিরাজকে ডাকা হত ‘সিরাজ মাস্টার’ বলে। একাত্তরে বেয়নেট দিয়ে জবাই করে বহু মানুষকে হত্যার কারণে তার নাম হয়ে যায় কসাই সিরাজ।
সুমন বলেন, “বিজয়ের পরে উনি গ্রেপ্তার হলে তাকে দেখার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়। এবং এরপরও ভিড় সামাল দিতে না পেরে মুক্তিযোদ্ধারা তাকে পুলিশে হস্তান্তর করে। এ রকম একজন ভয়ঙ্কর খুনির মৃত্যুদণ্ড হওয়ায় আমরা আনন্দিত।”
