আপিল করবেন সিরাজ, আকরাম
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে সাজার আদেশ পাওয়া বাগেরহাটের রাজাকার সদস্য শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেন আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এই রায় ঘোষণা করে, যাতে সিরাজকে মৃত্যুদণ্ড ও আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিরাজের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আবুল হাসান বলেন, “প্রসিকিউশন তাকে (সিরাজ মাস্টার) সব জায়গায় বাগেরহাট সাব ডিভিশনের রাজাকারের ডেপুটি কমান্ডার হিসাবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু কোনো কাগজপত্র দিতে পারে নাই। এরপরও তার ব্যক্তিগত ভূমিকার ভিত্তিতে তাকে এমন দণ্ড দিয়েছেন আদালত।
“আমরা এই রায়ে সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল করা হবে।”
সিরাজুল হক ও খান আকরাম হোসেন
আপিল করতে হলে সিরাজকে এখন একজন আইনজীবী নিয়োগ দিতে হবে। আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকার কথা বলায় তার পক্ষে ট্রাইব্যুনালে মামলা লড়ার জন্য রাষ্ট্রের খরচে আবুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল।
খান আকরামের আইনজীবী এম সারওয়ার হোসাইন বলেন, “তিনটি অভিযোগের মধ্যে দুটিতে আমরা ন্যায় বিচার পেয়েছি। আরেকটিতে ন্যায়বিচার পাইনি। আশা করি আপিলে ন্যায়বিচার পাব।”
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, আসামি সিরাজের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর আকরাম দোষী সাব্যস্ত হয়েছেন তিনটি অভিযোগের মধ্যে একটিতে।
ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে, অথবা গুলি করে সিরাজ মাস্টারের দণ্ড কার্যকর করতে বলেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। আর আকরামকে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত কাটাতে হবে জেলখানায়।
সিরাজুল হক ও খান আকরাম হোসেনের সঙ্গে এ মামলায় আব্দুল লতিফ তালুকদার (৭৫) নামে আরেক রাজাকার সদস্য অভিযুক্ত হন। কিন্তু রায়ের আগেই গত ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।
