২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ব্যবসায়ীর হত্যাকারীদের বিচার দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বোমা ফাটিয়ে চলন্ত বাসে উঠে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

এ দাবিতে তারা মঙ্গলবার সকালে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করেন।

মনববন্ধনে বক্তারা ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মনববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা হাজী হানিফা, মা আনোয়ারা বেগম, স্ত্রী সাবিনা ইয়াছমিন, ছেলে সাজেদুল ইসলাম শুভ এবং এলাকাবাসীর পক্ষে রফিকুল ইসলাম জীবন।

গত ৩ অগাস্ট রাতে ব্যবসায়ী নুরুল ইসলাম ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের মাহমুদপুর এলাকায় চলন্ত বাসের সামনে বোমা ফাটিয়ে বাসের গতিরোধ করে দুর্বৃত্তরা।

পরে তারা বাসে উঠে ব্যবসায়ী নুরুল ইসলামকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

এই হত্যাকান্ডের পর পুলিশ নারায়ণগঞ্জ জেলা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

তাদের হেফাজতে (রিমান্ড) নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

এরা হলেন লিটন, আনোয়ার হোসেন, মিজান, আনোয়ার ইসলাম সাকিল, শামীম হোসেন, শাকিল আহম্মেদ, ফারুক, বাবু ও হাবিবুর রহমান স্বপন।