ময়মনসিংহে পিতা খুন, পুত্র আটক
টাকা চেয়ে না পেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বড়ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আলমগীর ফকির ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ছেলে মনোয়ার ফকির ওরফে মনু ফকিরকে পুলিশ আটক করেছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন জানান, বেলা ১২টার দিকে আলমগীরের কাছে তিন হাজার টাকা চায় মনোয়ার ফকির।
তিনি জানান, আলমগীর টাকা না দেওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনু ফকির ঘরে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার বাবাকে।
“এতে ঘটনাস্থলেই নিহত হন আলমগীর ফকির।”
স্থানীয় লোকজনের সহায়তায় মনু ফকিরকে পুলিশ আটক করেছে বলে জানান ওসি।
