২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় গ্রামবাসীর সংঘর্ষে  আহত ৮

গরুর ধান খাওয়া নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত আট জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 01:35 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার বড়মৌকুড়ি গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে তিন জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের মধ্যে ছমির উদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর বলে এলাকাবাসী জানান।

স্থানীয় মিঠু মন্ডল জানান, সোমবার বিকালে জামাল নামে এক ব্যক্তির গরু নিজাম উদ্দিনের ক্ষেতের ধান খায়।

এ নিয়ে  দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে বলে মিঠু জানান।

তিনি বলেন, ওই ঘটনার জেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, খবর পেয়ে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।