গাজীপুরে মামলার সাক্ষী খুন
গাজীপুর শহরে একটি মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পালেরপাড়ায় সোমবার রাতে এ হামলায় নিহত রতন মাঝি (৫৫) ওই এলাকারই বাসিন্দা।
জয়দেবপুর থানার এসআই মো. রুহুল আমিন জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রতনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
“সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এলাকাবাসীর বরাত দিয়ে এসআই রুহুল আমিন জানান, রাত ৮টার দিকে তেলিপাড়া থেকে বাজার করে বাসায় ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পেছনে কুপিয়ে পালিয়ে যায়।
তার মাথার পেছনে বাম দিকে গভীর ক্ষত হয়েছে বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, রতন মাঝিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নিহতের ছেলে মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের প্রতিবেশী জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মারধরের মামলা করেন একই এলাকার কাদের।
মাহফুজ বলেন, ওই মামলায় তার বাবা রতন মাঝি এবং স্থানীয় আরেক বাসিন্দা রুবেল জাহাঙ্গীরের বিপেক্ষে সাক্ষী দিয়েছিলেন।
“এতে ক্ষিপ্ত জাহাঙ্গীর ও তার স্বজনরা আমার বাবাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এর জেরই গতরাতে বাবাকে কুপিয়ে হত্যা করা হয়।”
এ ব্যাপারে জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নিহত রতন ও তার প্রতিবেশী জাহাঙ্গীর দুজনের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতালী এলাকায়।
রতন মাঝি প্রায় দুই বছর ধরে পালেরপাড়া এলাকায় বাড়ি করে সপরিবারে বসবাস করছিলেন। জাহাঙ্গীরও সেখানে নিজের বাসায় থাকেন।
