দুই স্যান্ডেলে ১৬০০ ইয়াবা
দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় ইয়াবা বহনের সময় এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রামের পুলিশ।
আটক রেজাউল করিম (৪৫) টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের আলী আহমদের ছেলে।
সোমবার গভীর রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, শ্যামলী পরিবহনের একটি বাসে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন রেজাউল।
“রাত পৌনে ২টার দিকে শাহ আমানত সেতু এলাকায় বাস থামিয়ে তল্লাশি চালিয়ে তার দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট এক হাজার ৬৭০টি ইয়াবা পাওয়া যায়।”
এ ঘটনায় রেজাউলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
