২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ কারখানা কর্মকর্তার লাশ মিলল ডোবায়

নিখোঁজের দুইদিন পর গাজীপুরের কালিয়াকৈরে বস্ত্র কারখানার এক কর্মকর্তার হাত-মুখ ও চোখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 11:41 AM

Updated : 25 Apr 2022, 01:43 PM

মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার একটি ডোবা থেকে ‘ডিভাইন টেক্সটাইলে’র প্রিন্টিং ম্যানেজার মোহাম্মদ মাসুমের (৩৫) লাশ উদ্ধার করা হয় বলে কালিয়াকৈর থানারও এসআই সানোয়ার হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আনসার একাডেমির এক নম্বর গেইটের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি ডোবায় মাসুমের লাশ পাওয়া যায়।

“মৃতদেহে আঘাতের চিহৃ রয়েছে। কাপড় দিয়ে হাত, মুখ ও চোখ বাঁধা ছিল।”

দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে যেতে পারে বলে জানান তিনি।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়ার পর ডিভাইন কারখানার কর্মকর্তারা মাসুমের লাশ সনাক্ত করেন।

রোববার রাত থেকে মাসুমের খোঁজ না পেয়ে পরদিন তার ছোটভাই সোহেল একটি জিডি করেছিলেন বলে জানান এসআই সানোয়ার।

মাসুম পরিবার নিয়ে গাজীপুর সদরে থাকতেন। তার বাড়ি দিনাজপুরের সদরের দক্ষিণ মুন্সীপাড়া এলাকায়। 

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালামপুর খাজারটেক এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।

কালিয়াকৈর থানার এসআই চন্দন কুমার জানান, নিহতের পরনে জিন্স ও লাল-সাদা চেক গেঞ্জি রয়েছে।

“ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা সাজাতে দুর্বৃত্তরা সম্ভবত ওই যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশ রেললাইনের পাশে ফেলে যায়।”