চলনবিলে এক পরিবারের তিন জনের লাশ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোধ ইউনিয়নের চলনবিলে এক মাদ্রাসা শিক্ষক ও তার দুই শিশু সন্তানের লাশ পাওয়া গেছে, যারা আগের দিন বিলে মাছ ধরতে গিয়েছিলেন বলে স্বজনদের তথ্য।
সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের এএসপি মোতাহার হোসেন জানান, মঙ্গলবার সকালে বিলের নাদৌসৈয়দপুর মশিন্দাপাড়া এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মৃতরা হলেন- আলতাফ হোসেন (৩৫), তার মেয়ে আনিকা ফারজানা (৯) ও ছেলে নাফিউর হাসান (৭)।
সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন আলতাফ।
স্বজনদের বরাত দিয়ে এএসপি মোতাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে সন্তানদের সঙ্গে নিয়ে বিলে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি।
“রাতে বিলে তাদের জালটি ভাসতে দেখা যায়। সকালে হাটিকুমরুল-বনপাড়া মগাসড়কের ৯ নম্বর সেতুর নিচে স্থানীয়রা প্রথমে আনিকার লাশ দেখতে পায়। খোঁজাখুঁজির পর আলতাফ ও নাফিউরের লাশও পাওয়া যায়।”
পুলিশের এই কর্মকর্তা বলেন, “চলনবিলের কিছু অংশে পানি অনেক গভীর। ছেলে-মেয়ে কেউই সাঁতার জানত না। সম্ভবত পানিতে পড়ে যাওয়া সন্তানদের বাঁচাতে গিয়ে আলতাফও ডুবে যান।”
