২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের সঙ্গে জার্মান দূতাবাস কর্মকর্তার বৈঠক

বাংলাদেশের ব্লগার ও ইন্টারনেট আ্যাক্টিভিস্টদের ‘রক্ষার উপায়’ খুঁজতে জার্মান দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ফন ভেইহে কথা বলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 01:57 AM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বাংলাদেশে ব্লগারদের উপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে সোমবার এ বৈঠক হয় বলে জানিয়েছে জার্মান দূতাবাস।

রাজধানীতে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে নিজ বাসায় কুপিয়ে হত্যার ঘটনায় ভেইহে তীব্র নিন্দা জানান ও উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “ব্লগার সমাজের এই স্পষ্টবাদী সদস্যের ওপর এমন বর্বরোচিত আক্রমণ বাংলাদেশের বাক স্বাধীনতার উপর আঘাত।”

ইমরানের সঙ্গে আলোচনায় ব্লগারদের উপর হামলাকারীদের দৌরাত্ম ঠেকানোর বিষয়ে আলোচনা হয় বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত নিলয়সহ চারজন ব্লগার নিহত হয়েছেন। এর আগে নিহত হন আভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাস।

এ ধরনের হত্যাকাণ্ড ‘বাংলাদেশের মুক্তচিন্তার মানুষদের মনে ভীতিকর একটি পরিবেশ তৈরি করতেই’ বলে মনে করে জার্মানি।

ভেইহে বলেন, “সমাজে সহনশীলতার চর্চা জরুরি। তাই বলে চরমপন্থিদের সুযোগ দেওয়া উচিত নয় যে তারা মুক্তমনের শব্দ-আচরণ বাতলে দেবে।”

ব্লগারদের খুনিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ব্লগারদের হত্যাকাণ্ড সংশ্লিষ্ট বিষয়েই আলাপ করেছেন।