‘বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে প্রস্তুত ভিয়েতনাম’
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে ভিয়েতনাম ‘প্রস্তুত’ রয়েছে বলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নুয়েন তান জং।
সোমবার ভিয়েতনামের গভার্নমেন্ট অফিসের স্টেট সেরিমোনি হলে এক দ্বিপক্ষীয় বৈঠকে তান জং বাংলাদেশের রাষ্ট্রপতিকে এই প্রতিশ্রুতি দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিয়েতনামের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে প্রস্তুত। এ জন্য বাণিজ্য-বিনিয়োগসহ সব ক্ষেত্রে সব বাধা দূর করতে তার সরকার প্রস্তুত রয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানান তিনি।”
আবদুল হামিদ বলেন, “বাংলাদেশ ভিয়েতনামকে বিশ্বস্ত বন্ধু বলে মনে করে এবং সকল ক্ষেত্রের উন্নয়নে একসঙ্গে এগিয়ে যেতে চায়।”
রাষ্ট্রপতি এসময় বাংলাদেশি ব্যবসায়ীসহ সাধারণ নাগরিকেদের ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত ভিসা প্রদানের ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
এর আগে বিকালে আবদুল হামিদ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি নুয়েন ফু চাওয়ের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।
বৈঠকের ফু চাও ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধে সমর্থনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে আরও গতি আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভিয়েতনামের সর্বোচ্চ রাজনৈতিক নেতা আরও বলেন, “দুই দেশ স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস ধারণ করে।”
সম্পর্ক উন্নয়নে তিনি সরকারের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, “বৈঠকে রাষ্ট্রপতি বলেছেন, বাণিজ্য-বিনিয়োগ, কৃষি, প্রাণি সম্পদ ও সংস্কৃতিগত দিকে উন্নয়নে যৌথ উদ্যোগ নিলে দুই দেশই লাভবান হবে।”
এছাড়া সোমবার আবদুল হামিদ ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি হাউজের চেয়ারম্যান নুয়েন সিন হোংয়ের সঙ্গেও বৈঠক করেন।
এসেম্বলি হাউজের চেয়ারম্যান এসময় বাংলাদেশের রাষ্ট্রপতিকে তার দেশের পার্লামেন্টের কার্যক্রম ও কাঠামো সম্পর্কে অবহিত করেন।
“তিনি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিতের জন্য সরকারকে ধন্যবাদ জানান।”
বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ অর্থনৈতিক কমিশন এবং ইতোপূর্বে সাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন হলে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন সিন হোং।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “দুটি দেশই তাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হো চি মিনের আদর্শ অনুসরণ করে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।”
তিনি এই সময় দুই জাতীয় নেতার ‘স্বপ্ন পূরণে’ যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও সম্প্রসারিত হবে বলেও সেসময় আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুলন হামিদ।
বৈঠক শেষে রাষ্ট্রপতি ভিয়েতনামের পার্লামেন্ট ভবনের প্লেনারি হল (অধিবেশন কক্ষ) ঘুরে দেখেন।
দ্বি-পাক্ষিক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সাহাব উল্লাহ, বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং থুকসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় আবদুল হামিদ তার সম্মানে প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের দেওয়া নৈশভোজে অংশ নেন।
নৈশভোজে দুই রাষ্ট্র প্রধান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন। অনুষ্ঠানে ভিয়েতনামের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর প্রদর্শনী করা হয়।
