লাকসামে শ্রেণিকক্ষের মেঝে ধসে ২০ শিক্ষার্থী আহত
কুমিল্লার লাকসামে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ফ্লোর ধসে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না রানী বড়ুয়া।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন - মৌসুমী, শাকিব, পিংকি, শান্তা, জান্নাতুল মাওয়া, জেসমিন, ফারজানা, ইলিয়াছ, শাওন, সাইফুল, শোভা, ঝুমুর, তাসলিমা, তাহমিনা ও ফাতেমা। তাদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পান্না রানী জানান, দুপুরে ১টার দিকে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাস চলাকালীন বিকট শব্দে ওই কক্ষের ফ্লোরটি নিচের দিকে ধসে গিয়ে পুকুরসদৃশ গর্তের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা পানিতে হাবুডুবু খেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঠিক কী কারণে বিদ্যালয়ের ফ্লোরটি ধসে গেছে তা জানাতে না পারলেও ২০০১-০২ অর্থ বছরে বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ে ভবনটি নির্মাণ করা হয় বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম জানান, কেন দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজ উদ্দিন হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি আগামী ১৬ অগাস্ট এ বিষয়ে তার (ইউএনও) কাছে প্রতিবেদন পেশ করবে বলেও জানান তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার।
