চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে বাকলিয়া থেকে স্বর্ণের চেইনসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানার তুলাতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রবিউল ইসলাম (২০) ঝালকাঠি জেলার মহল তালুকদারের বাড়ির বারেক তালুকদারের ছেলে।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে সিএনজি অটোরিকশায় চকবাজার নিজ বাসায় যাওয়ার সময় পর্দা কেটে রুপনা বৈদ্য নামে এক নারীর স্বর্ণের চেইন নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনায় দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে রবিউলকে তুলাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান মহসিন।
