আসামি ধরতে গিয়ে হামলায় ৪ পুলিশ আহত
চট্টগ্রামের ইছানগর এলাকায় আসামি ধরতে গিয়ে হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় কর্ণফুলী থানার ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় পুলিশের হাতে গ্রেপ্তার মো. সাহেদ ওরফে ইয়াবা সাহেদ ওরফে সন্দ্বীপ সাহেদ (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানান ওসি রফিকুল ইসলাম।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মো. সাঈদ, মো. সালাউদ্দিন জাহেদ, মো. শাহাদাত ও মো. শাহ আলম।
ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকালে মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক এলাকা থেকে এক হাজার ৩৫০ ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। তবে সেসময় ইয়াবা সাহেদ পালিয়ে যেতে সক্ষম হয়।
“সন্ধ্যায় ইছানগর এলাকায় সাহেদকে গ্রেপ্তার করতে গেলে তার স্বজন ও সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে চার পুলিশ সদস্য ও সাহেদ আহত হয়।”
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি রফিকুল।
