২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার নির্দেশ

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের রক্ষায় জরুরি ভিত্তিতে সহায়তা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 09:13 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার চট্টগ্রাম জেলায় অতিবর্ষণ ও ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে সৃষ্ট বন্যা পরবর্তী পুনর্বাসন সংক্রান্ত সমন্বয় সভায় এ নির্দেশ দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

মেজবাহ উদ্দিন বলেন, “রাস্তাঘাট দুদিন পরে ঠিক করা যাবে। কিন্তু কৃষি ও কৃষকদের রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে সহযোগিতা দিতে হবে।”

মঙ্গলবারের মধ্যে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বসে ক্ষয়-ক্ষতির প্রকৃত হিসাব জেলা প্রশাসনে পৌঁছানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।  

“ত্রাণ ও দুর্যোগ খাতে যে বরাদ্দ রয়েছে সেখান থেকে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা দিতে হবে। পাশাপাশি আমনের বীজও পৌঁছাতে হবে কৃষকদের কাছে।”

সভায় ১৪ উপজেলার চার সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফজলে করিম চৌধুরী বলেন, বীজতলা, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর ও গবাদি পশু মিলে প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

পরবর্তীতে এ ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেতে কাপ্তাই বাঁধের ভাটিতে খনন কাজ চালাতে হবে বলেও জানান তিনি।

আগামী ৬ অগাস্ট সংসদ অধিবেশন শুরু হলে চট্টগ্রামের সংসদ সদস্যরা প্রত্যেকে ক্ষতির বর্ণনা তুলে ধরে সরকারের কাছে সহযোগিতা চাইবেন বলে জানান ফজলে করিম।

চন্দনাইশ উপজেলার সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে কৃষকদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা ও বীজ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

চট্টগ্রামের বন্যার প্রকৃত চিত্র জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে বলে সভায় জানান জেলা প্রশাসক।

সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে সীতাকুন্ড উপজেলার সংসদ সদস্য দিদারুল আলম, সাতকানিয়া উপজেলার সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী, রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, হাটহাজারী উপজেলার চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মো. আলী শাহ উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী ও মিরসরাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়।

এসব উপজেলার ফসলি জমি ও মাছের পুকুর পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা।