২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় নিহত

সন্তানের লাশ নিয়ে হাসপাতাল থেকে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় বোনকে হারিয়েছেন এক ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রাজধানীর খিলগাঁও থানার নাগদার পাড় এলাকায় সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কের পাশের খালে পড়ে যাওয়া অটোরিকশা থেকে ছয় বছর বয়সী একটি শিশুর সঙ্গে এক নবজাতকের লাশও উদ্ধার করে।

তখন খিলগাঁও থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

পরে তিনি আগের তথ্য সংশোধন করে জানান, নবজাতক শিশুটি আগেই মারা গিয়েছিল, তাকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মারা যায় ছয় বছরের শিশুটি।   

তেলবাহী লরির ধাক্কায় অটোরিকশাটি পড়ে গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

ওই অটোরিকশায় মৃত শিশুটিকে নিয়ে ছিলেন তার বাবা মো. শিপন ও মা সোনিয়া বেগম এবং শিপনের বোন সুমাইয়া। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

ওসি মোস্তাফিজুর বলেন, “শিশুটি অসুস্থ ছিল। সোমবার সে একটি হাসপাতালে মারা যায়। তাকে নিয়ে অটোরিকশায় করে যাওয়ায় পথে দুর্ঘটনায় অন্য শিশুটি মারা যায়।”

স্থানীয়রা অটো রিকশা থেকে আরও তিনজনকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সোনিয়া ও শিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তেলবাহী লরি রাস্তার পাশে কাত হয়ে পড়ে যায় বলে জানান ওসি।

মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা, নাকি পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে অটোরিকশাটিকে- তা জানাতে পারেনি পুলিশ।