ইউসেপকে ৪২ লাখ টাকা অনুদান মানিগ্রাম ফাউন্ডেশনের
মানি ট্রান্সফার সার্ভিস প্রোভাইডার মানিগ্রামের সমাজসেবী প্রতিষ্ঠান ‘মানিগ্রাম ফাউন্ডেশন’ ইউসেপ বাংলাদেশকে ৫৩ হাজার ৬০০ মার্কিন ডলার বা প্রায় ৪২ লাখ টাকা অনুদান দিয়েছে।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করেন মানিগ্রামের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গ্রান্ট লাইন্স। চেক গ্রহণ করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হাসান।
এসময় ইউসেপ বাংলাদেশের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, মানিগ্রামের সিনিয়র ম্যানেজার কৌশিক রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের একটি স্কুলের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
ইউসেপ চেয়ারম্যান মতিন চৌধুরী বলেন, “এই অনুদানের মাধ্যমে আমাদের স্কুলগুলোর শিক্ষকদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণের যে ঘাটতি ছিলো তা দুর হবে। আর এতে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা বিশেষ করে গণিত ও বিজ্ঞান শিক্ষা আরও কার্যকর হবে।”
মানিগ্রামের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট গ্রান্ট লাইন্স বলেন, “ইউসেপ বাংলাদেশের সঙ্গে মিলে শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নের জন্য বিনিয়োগ করছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জীবনকে আরও উন্নত করবে পারবে বলে আমাদের বিশ্বাস।”
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করা ইউসেপের বাংলাদেশে ৫৬টি সাধারণ স্কুল ও ১০টি কারিগরী স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ৫৫ হাজার শিক্ষার্থী রয়েছে বলে জানান নির্বাহী পরিচালক জাকির হাসান।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকেও এ ধরনের অনুদান নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানান ইউসেপের নির্বাহী।
