বরিশালের আদালতে হাজির হতে হচ্ছে প্রথম আলো সম্পাদককে
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের একটি মামলায় আগাম জামিনের আবেদন নাকচ হওয়ায় বরিশালের আদালতে হাজির হতে হচ্ছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে।
সোমবার বরিশাল মহানগর হাকিম বেগম নুসরাত জাহানের আদালতে প্রথম আলো সম্পাদকের আগাম জামিনের আবেদন করা হয়েছিল বলে সাংবাদিকদের জানান তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
হাকিম সেই আবেদন নাকচ করে মামলার শুনানির নির্ধারিত তারিখ ৯ সেপ্টেম্বর মতিউর রহমানকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আফজালুল করিম সাংবাদিকদের বলেন, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি যে কোনো দিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করতে পারতেন।
“তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। মামলাটি বর্তমানে সমন পর্যায়ে রয়েছে। তাই আইন অনুযায়ী তাকে নির্ধারিত দিনেই আদালতে হাজির হতে হবে।”
বরিশাল মহানগর আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক বশির উল্লাহ আতাহারীর করা এই মামলায় প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক মজিদ খানও বিবাদী।
পত্রিকায় সংবাদ ও ছবি প্রকাশের মাধ্যমে রাষ্ট্র ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২০১৪ সালে ৯ অক্টোবর মামলাটি করা হয়েছিল।
