নড়িয়ায় ২ শিশুর মৃত্যু, বাবা আটক
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের বাবাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে কালিকা প্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো ওই গ্রামের লিয়াকত মাদবর ও পারভিন আকতারের মেয়ে সাদিয়া আকতার (৮) ও সামিয়া আকতার (৫)।
সাদিয়া কালিকা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি এবং সামিয়া একই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
মৃত দুই শিশুর চাচা জামাল মাদবর জানান, লিয়াকতের তিন মেয়ে সাদিয়া আকতার, সামিয়া আকতার ও লামিয়া আকতার (২)।
“রোববার রাতে সাদিয়া আকতার ও সামিয়া আকতার প্রতিদিনের মতো খেয়ে বারান্দায় ঘুমিয়ে থাকে।
“রাত ১টার দিকে তাদের বাবা অটোরিকশা চালক লিয়াকত মাদবর বাড়ি আসেন।”
জামাল বলেন, সোমবার সকালে তাদের মা পারভিন আকতার ঘুম থেকে উঠে মক্তবে পাঠানোর জন্য মেয়েদের ডাকতে গিয়ে সাদিয়া ও সামিয়ার নিথর দেহ দেখতে পান।
ওই সময় পারভিনের চিৎকারে কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে নড়িয়া থানায় খবর দেয় বলে জানান তিনি।
এ ব্যাপারে লিয়াকত মাদবর বলেন, “আমি রাত ১টায় বাইরে থেকে এসে শিশুদের ঘুম থেকে তুলে খাবার খেতে বলি। ওরা বলে আমরা খেয়েছি।
“তারপর আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে মেয়েদের লাশ দেখতে পাই।”
নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, শিশুদের স্বাভাবিক মৃত্যু হয়নি বলে ধারণা করা হচ্ছে। বাবা লিয়াকত মাদবরকে জিজ্ঞাসাবাদ করতে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
