কক্সবাজারে মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজারের রামুতে মানবপাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া পালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রামু থানার ওসি আব্দুল মজিদ।
গ্রেপ্তার নুর আলম (৩০) ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে রামু থানায় দুটি, কক্সবাজার সদর থানায় দুটি ও উখিয়া থানায় একটি মামলা রয়েছে।
এর মধ্যে রামু থানার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, মানবপাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুর আলম সম্প্রতি এলাকায় ফিরে এসেছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
