২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন ফের পিছিয়েছে

সব আসামি উপস্থিত না থাকায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযোগ গঠন পঞ্চমবারের মতো পিছিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের দিন থাকলেও সব আসামি না থাকায় বিচারক মকবুল আহসান অভিযোগ গঠনের শুনানির জন্য ১৮ অগাস্ট নতুন তারিখ রাখেন।

এ আদালতের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের বরখাস্ত পৌর মেয়র জিকে গউছসহ কারাগারে থাকা ১৪ আসামির মধ্যে ১৩ জন ও জামিনে থাকা আটজন এদিন আদালতে হাজির ছিলেন।

তিনি বলেন, “অসুস্থতার কারণে সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করা হয়নি। তাই অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছেন আদালত।”

এ মামলার ৩২ আসামির মধ্যে ১০ জন পলাতক বলে জানান এই আইনজীবী।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওই হামলায় আরও নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন শতাধিক নেতাকর্মী।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

গত ৩ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।