২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শিশু হত্যার দায়ে সৎবাবার মৃত্যুদণ্ড

কক্সবাজারে এক শিশুকে হত্যার দায়ে তার সৎবাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 03:29 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪০) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের আবুল শামার ছেলে।

ওই আদালতের পিপি মমতাজ আহমদ জানান, গফুরের দ্বিতীয় স্ত্রী তৈয়বা বেগমের আগের পক্ষের মেয়ে সুমী আক্তারকে (৩) তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তাদের কলহ চলছিল।

এর জেরে ২০১৩ সালের ১৯ এপ্রিল বিকালে তৈয়বার অগোচরে সুমীকে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করে গফুর। পরদিন সকালে কুতুবজোমের তাজিয়াকাটার বেড়িবাঁধের উপর সুমীর মৃতদেহ পাওয়া যায়।

ওইদিনই মহেশখালী থানায় তৈয়বা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। একই বছরের ২২ এপ্রিল মহেশখালী পৌর এলাকা থেকে গফুরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর গফুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলেও জানান পিপি মমতাজ।