চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে আহত শিশু
যশোরের ঘটনার একদিন পর চাঁপাইনবাবগঞ্জে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।
শিবগঞ্জ থানার এসআই ওসমান গনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মরদনা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত আরাফাত জনি (৫) একই গ্রামের আজম আলীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি বাড়ির পাশে একটি টিউবওয়েলের কাছে পরিত্যক্ত বোমাটিকে খেলনা ভেবে হাতে নেয়।
“এরপরই হাতবোমাটি বিস্ফোরিত হলে জনি গুরুতর আহত হয়।”
তিনি বলেন, তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে রোববার সকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সর্দারপাড়ায় পুকুরপাড়ে কুড়িয়ে পাওয়া একটি বোমা বিস্ফোরিত হয়ে চার শিশু গুরুতর আহত হয়।
এদের মধ্যে অনিক নামে এক শিশুর কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
