ভোলা-লক্ষ্মীপুর ফেরি চালু
বন্ধ হওয়ার ১৫ দিন পর ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস পুনরায় চালু হয়েছে।
আগের ফেরি ঘাটের দেড় কিলোমিটার পূর্বে স্থানান্তরিত নতুন ঘাট থেকে সোমবার এ সার্ভিস চালু হয় বলে বিআইডব্লিউটিএ জানায়।
মেঘনার ভাঙনে ভোলা ফেরি ঘাটের সংযোগ সড়ক বিলীন হওয়ায় গত ২৭ জুলাই বিআইডব্লিউটিসি এ রুটের ফেরি সার্ভিস বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ কবির জানান, সকাল ১০টা ২০মিনিটে আটটি বাস নিয়ে ফেরি কনকচাঁপা ভোলা ঘাট থেকে লক্ষ্মীপুরের দিকে ছেড়ে গেছে।
“ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলা ফেরি ঘাট নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে।”
এখানে বর্তমানে স্থাপিত ঘাটের র্যাম ছোট, তাই ১০ অগাস্ট থেকে ছোট গাড়ি ও বাস ফেরিতে পারাপার করা হবে। কয়েকদিনের মধ্যে বড় র্যাম স্থাপন করা হলে ট্রাকসহ ভারি যানবাহন পারাপার করা হবে বলে জানান তিনি।
সোমবার সরেজমিনে গিয়ে ভোলা ফেরি ঘাট এলাকায় ৬৫টির মতো ট্রাক পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার জানান, সকালে আটটি বাস নিয়ে ফেরি কনকচাঁপা ভোলা থেকে লক্ষ্মীপুর রওয়ানা হয়েছে।
“অপরদিকে চাঁদপুর থেকে ফেরি কামিনী ভোলার পথে রওয়ানা হয়েছে। সেটি এখানে পৌঁছলে এই রুটে কনকচাঁপা ও কামিনী যানবাহন পারাপার করবে।”
ফেরি সার্ভিস বন্ধ হওয়ার পর কামিনীকে চাঁদপুর নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
এই রুটের ফেরি বন্ধ হওয়ার পর ভোলা ও বরিশাল জেলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
