হিযবুত ‘সংগঠক’ চবির সাবেক শিক্ষার্থী আটক
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলছেন, গ্রেপ্তার সোহান ইয়াছির ইকবাল (২৯) চট্টগ্রামে হিযবুত তাহরীরের ‘অন্যতম সংগঠক’।
রোববার রাতে দেবপাহাড় এলাকায় সোহানের বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান ওসি।
ওই বাসা থেকে হিযবুত তাহরীরের বেশকিছু প্রচারপত্র ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করা সোহান ও তার যমজ ভাই সাফাত ইয়াছির ইকবাল নিজেদের বাসা থেকে সাংগঠনিক কাজ চালিয়ে আসছিলেন। বছরখানেক আগেও পাঁচলাইশ থানা পুলিশ দুই ভাইকে আটক করেছিল।”
জামিনে ছাড়া পাওয়ার পর কয়েকমাস আগে কোতোয়ালি থানা পুলিশ সাফাতকে আবার গ্রেপ্তার করে কারাগারে পাঠায় বলে জানান ওসি।
