চালের ভেতর ৫০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা
চালের ভেতর করে বৈদেশিক মুদ্রা পাচারকালে এক নারীসহ দুজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে তাদের আটক করা হয় বলে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান জানিয়েছেন।
আটকরা হলেন- লিটন শেখ (৩৫) ও আনজুম আরা (৪৫)।
শহীদুজ্জামান বলেন, “রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এক নম্বর গেইটে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের ব্যাগ স্ক্যান করা হয়।”
ব্যাগের মধ্যে থাকা চালের প্যাকেটে ইউরো, সিঙ্গাপুরি ডলার, দিনার ও দিরহাম পাওয়া যায় বলে জানান তিনি। মুদ্রাগুলো টাকায় প্রায় ৫০ লাখ টাকা।
শহীদুজ্জামান বলেন, “তাদের মুদ্রা পাচারকারী মনে হচ্ছে। তবে একজন আরেকজনকে চেনেন না বলছেন।”
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
