সাভারের বরখাস্ত পৌর মেয়র রেফাত গ্রেপ্তার
হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে সাভার পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা রেফাত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সাভারের কর্ণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ।
রেফাত উল্লাহ সাভার পৌর বিএনপির সভাপতি।
এএসপি রাসেল শেখ বলেন, ২০ দলীয় জোটের টানা হরতাল ও অবরোধে সাভারে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি রেফাত উল্লাহ। রাত সাড়ে ৯টার দিকে কর্ণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় রাজউক ও দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রেফাত উল্লাহ।
একই বছরের ২ মে রানা প্লাজার নকশা ও লে-আউট প্ল্যান অনুমোদনে সাভার পৌরসভা বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ না করায় রেফাত উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে হাই কোর্টে আবেদন করে পক্ষে আদেশ নিয়ে পুনরায় তিনি দায়িত্ব বুঝে নিয়েছিলেন।
কিন্তু রানা প্লাজা ধসের মামলায় অভিযোগপত্র দাখিল হলে চলতি বছরের ২৩ মার্চ রেফাতকে আবার বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
চলতি বছরের ৬ অগাস্ট হাই কোর্ট থেকে জামিন নিয়ে জেল থেকে বের হন রেফাত উল্লাহ।
