‘হত্যা তো এখন বাসায় ঢুকে’
“আগে রাস্তায়, অফিসের বাইরে মানুষ হত্যা করা হলেও উগ্রবাদীরা এখন বাসায় ঢুকে মানুষ হত্যা করছে,”- ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডের ধরন তুলে ধরে তা নিয়ে শঙ্কা ফুটে উঠল ইমরান এইচ সরকারের কথায়।
এই ব্লগারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার শাহবাগের কর্মসূচি থেকে ধর্মীয় উগ্রবাদীদের রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
নিলয়কে গত শুক্রবার ঢাকার গোড়ানে তার বাড়িতে স্বজনদের উপস্থিতিতে কুপিয়ে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত।এনিয়ে গত ছয় মাসে চারজন ব্লগার খুন হলেন। এর আগের হত্যাকাণ্ডগুলো ঘটেছে সড়কে।
ইমরান বলেন, “যারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে, মুক্তিযুদ্ধে চেতনা ও আদর্শে দেশ গড়ার চিন্তায় লিখেছেন, সে সব সংস্কৃতিমনা মানুষদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। এ অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বিকালে জাতীয় জাদুঘরের সামনে কালো কাপড়ের ব্যানারে তৈরি মঞ্চে নিলয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানান গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যার প্রতিবাদে শনিবার শাহবাগে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল।
এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জনউদ্যোগ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র সংহতি, নিজেরা করি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, জাগো নারী ডটকম সংগঠনের নেতা-কর্মী গণজাগরণকর্মীরা শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা জানানোর পর সন্ধ্যায় একটি শোক মিছিল বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি।
এদিকে নিলয় হত্যার বিচার দাবিতে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, “বাসায় ঢুকে মানুষ হত্যা আমাদের জন্য একটা অশনি সঙ্কেত। তাই এ উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী দেশের মুক্তমনা ও বিজ্ঞানমনস্ক মানুষদের হত্যা করছে। এই অপশক্তি বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।”
