ভালো ফলে নটরডেমে উচ্ছ্বাস
এইচএসসি পরীক্ষায় দেশজুড়ে ফলাফল বিপর্যয়ের মধ্যে নিজেদের অর্জনে উচ্ছ্বসিত নটরডেম কলেজ।
রোববার এইচএসসির ফলাফল ঘোষণার দিনে কলেজ প্রাঙ্গণে তারই আবহ পাওয়া গেল শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর শিক্ষকদের কথায়।
ফল হাতে আসার পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও কলেজ মাঠে স্থাপিত মঞ্চে দাঁড়িয়ে যখন বলছিলেন নিজেদের মূল্যায়িত হওয়ার কথা, সেই মুহূর্তে চারপাশ থেকে শুধু কানে আসছিল ‘এনডিসি’ ‘এনসিডি’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় নটরডেম অধ্যক্ষ বলেন, “সারা দেশে পাস করেছে ৬৯ দশমিক ৬০ ভাগ। আমাদের পাসের হার ৯৯ দশমিক ১৮ ভাগ। সারা দেশে জিপিএ-৫ অর্ধেকে নেমে এসেছে। সেই হিসাবে আমাদের জিপিএ-৫ হওয়া উচিত ছিল এক হাজার। কিন্তু আমাদের জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৩৭ জন।”
এবার নটরডেম কলেজের ২ হাজার ৫৩৫ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৩৫৪ জন, ব্যবসায় শিক্ষায় ২৬৯ জন এবং মানবিকে ১৪ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞানে দুই জন, ব্যবসায় শিক্ষায় চার জন এবং মানবিকে ১৪ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, “এবারের ফলকে আমি বিপর্যয় বলবো না। আমার কাছে মনে হয়েছে, এবার সঠিকভাবে খাতা মূল্যায়ন হয়েছে। যে যা পাওয়ার কথা সে তাই পেয়েছে। অতএব নটরডেমই সেরা। এই ফলে আমরা সর্বোচ্চ খুশি।”
“গত কয়েক বছর জিপিএ-৫ পাওয়ার হারটা হঠাৎ করেই বেড়ে গিয়েছিল। ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যেন জিপিএ-৫ একমাত্র ফল।”
“এবার বিষয়টা এমন ছিলো, যে যে রকম নম্বর পাবে, তাকে সেই রকম নম্বরই দেওয়া হবে। তাই আমি বলবো, এবার ভালো খাতা মূল্যায়ন হয়েছে।”
তবে রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হয়েছে বলে মনে করেন নটরডেম অধ্যক্ষ।
তিনি বলেন, “রাজনৈতিক নেতাদের উচিত শিক্ষার্থীদের বিষয়টা সব সময় বিবেচনায় রাখা।”
সেরা কলেজের তালিকা না করায়ও সন্তোষ প্রকাশ করেন এই শিক্ষক।
তিনি বলেন, “এর মাধ্যমে অসুস্থ একটি প্রতিযোগিতা বন্ধ হয়েছে। আমাদের সব ছেলে মেয়েরা স্বাভাবিকভাবে তাদের মেধা বিকাশের সুযোগ পাবেন।”
এদিকে সেরা তালিকা প্রকাশ না করায় সন্তোষ প্রকাশ করেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষও।
স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আ. সালাম খান বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে একটা অন্যায্য প্রতিযোগিতা বন্ধ হয়েছে। এখন প্রতিষ্ঠানগুলো সব ছাত্রছাত্রীকে ভালো ফল করানোর চেষ্টা করবে।”
এবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬২ জন পাস এবং ৫৫৬ জন জিপিএ-৫ পেয়েছে।
এর মধ্যে বিজ্ঞানে ৪৪৮ জন, ব্যবসায় শিক্ষায় ১০৩ জন, মানবিকে পেয়েছে সাত জন পূর্ণ জিপিএ।
সালাম খান বলেন, “আমাদের এখানে মানবিকের শিক্ষার্থীরা বেশি অকৃতকার্য হয়েছে। সাধারণত দুর্বল শিক্ষার্থীরাই মানবিক নিয়ে থাকে। খারাপ করলে তারা ইংরেজিতে করে থাকে। আমাদের যে ২০ জন খারাপ করেছে। তারাও ইংরেজিতে করেছে বলে আমার কাছে খবর এসেছে।”
