২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিন চাকা’ বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান মেননের

মহাসড়কে তিন চাকার অটোরিকশা-টেম্পু ও হালকা যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 10:45 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অটোরিকশা-অটোটেম্পু সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

মেনন বলেন, “মাথা ব্যথা হলে যেমন মাথা কেটে ফেলা যায় না, তেমনি মহাসড়কে দুর্ঘটনার জন্য অটোরিক্সা-অটোটেম্পুসহ হালকা যানবাহন নিষিদ্ধ করা সঠিক নয়। সমস্যা হলে তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানই হচ্ছে শ্রেয়। সড়ক দুর্ঘটনা এড়াতে সড়কের আধুনিক ব্যবস্থাপনা জরুরি।”

সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা কমিয়ে আনতে সরকারের নির্দেশে গত ১ অগাস্ট থেকে মহাসড়কে সব ধরনের ধীরগতির ও তিন চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালক-মালিকরা। কোথাও কোথাও তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছেন।

কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব নাগরিকের স্বার্থ চিন্তা করার প্রয়োজন রয়েছে মন্তব্য করে মন্ত্রী মেনন বলেন, “গরীব-মধ্যবিত্তদের দূর পথ যাওয়ার একমাত্র বাহন অটোরিকশা-অটোটেম্পু। এছাড়া এই খাত লাখ লাখ শ্রমিক-ক্ষুদ্র মালিকের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম।”

মতবিনিময় সভায় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান ও ইকবাল কবীর জাহিদ, অটোরিকশা-অটোটেম্পু সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক ও উপদেষ্টা আবুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।