ছিটমহল কমিটিগুলো নাম পাল্টাল
সদ্য বিলুপ্ত ছিটমহলের বিনিময় সমন্বয় কমিটি বাতিল করে নাগরিক অধিকার সমন্বয় কমিটি নামে নতুন কমিটি করা হয়েছে।
রোববার পঞ্চগড় সরকারি মিলনায়তনে একটি আলোচনা সভা শেষে নতুন এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি মঈনুল হককে আহ্বায়ক, গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং মফিজার রহমানকে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ চ্যাপ্টারের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
একইভাবে আগের নেতাদের স্বপদে বহাল রেখে জেলা কমিটি ও বিলুপ্ত ছিটমহলগুলোতেও স্থানীয় কমিটি গঠন করা হয়েছে।
সদ্য বিলুপ্ত বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ছিটমহল বিলুপ্ত হওয়ায় আগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটিগুলো নাগরিক অধিকার সমন্বয় কমিটি নামে নামকরণ করা হয়েছে।
একই নামে ভারতেও কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে নবগঠিত নাগরিক অধিকার সমন্বয় কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক ময়নুল হক বলেন, এখন উন্নয়ন ও সেবামুলক কর্মকাণ্ডের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বিলুপ্ত ছিটমহলবাসীকে মূল স্রোতে নিয়ে আসা প্রয়োজন। এ জন্যই অধিকার আদায় ও বৈষম্য রোধে নতুন নামে কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় ও জেলা কমিটিগুলো বিলুপ্ত ছিটমহলের জমিসহ নানা বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের সহযোগী হবে বলে জানান তিনি।
তবে পঞ্চগড়-নীলফামারী জেলা নাগরিক অধিকার সমন্বয় কমিটির সভাপতি মফিজার রহমান বলেন, কেন্দ্রীয় কমিটিতে পঞ্চগড় থেকে বেশি সদস্য রাখার দাবি জানালে বাকবিতণ্ডায় কমিটি গঠন হয়নি। শুধু পঞ্চগড়-নীলফামারী জেলার কমিটি গঠিত হয়েছে।
গত ৩১ জুলাই মধ্যরাতে ভারতীয় ১১১টি ছিটমহল বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। সেদিনই ছিটমহলের নাগরিকদের বিভিন্ন কমিটিরও বিলুপ্তি ঘটে।
