২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তরুণী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

চাকরির প্রলোভনে চট্টগ্রামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 09:41 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

গত শুক্রবার রাতে ওই তরুণীকে বন্দর নগরীর আন্দরকিল্লা এলাকায় আটকে রেখে দুই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন জানিয়েছেন।

ওই তরুণীকে (২৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম ওসমান গণি প্রকাশ খসরু (৪৫)। তার সঙ্গে মামলার আসামি মো. কুদ্দুসকে খোঁজা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা নেজাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পতেঙ্গা এলাকার বাসিন্দা ওই তরুণীকে শুক্রবার রাতে আন্দরকিল্লা এলাকায় নিয়ে আসে কুদ্দুস নামে এক ব্যক্তি। 

“আন্দরকিল্লা মোড়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সামনে পানের দোকান আছে ওসমান গণির। ওই দোকানের পেছনের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে তরুণীর অভিযোগ।”

ওই তরুণী বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় খসরু ও কুদ্দুসকে আসামি করে একটি মামলা করে।

পুলিশ কর্মকর্তা নেজাম বলেন, “কুদ্দুসের বাড়ি পটিয়ায়। সে সীতাকুণ্ডের একটি প্রতিষ্ঠানে চাকরি করে। তাকে ধরতে সীতাকুণ্ডে অভিযান চালিয়েও পাওয়া যায়নি।”