ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের তাগিদ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের তাগিদ দিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, আদিবাসীদের প্রধান ও অপ্রধান সব ভাষাই সংরক্ষণ করতে হবে।
রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উপলক্ষে ব্র্যাকের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, “প্রধান আদিবাসী ভাষাগুলোর পাশাপাশি অপ্রধান ভাষা সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
“তাছাড়া আদিবাসীদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী না বলে আদিবাসী বলাই শ্রেয়। আমাদের সংবিধানও কাউকে ক্ষুদ্র বলার অধিকার দেয় না।”
ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মেসবাহ কামাল, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।
পরে সেন্টার ফর ইনডিজিনাস পিপলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আলবার্ট মানকিনের সঞ্চালনায় বাংলাদেশে আদিবাসীদের কল্যাণ নিশ্চিতকরণ বিষয়ে প্যানেল আলোচনার আয়োজন করা হয়।
মেসবাহ কামাল বলেন, “আদিবাসীদের জীবনধারার উন্নয়ন নিশ্চিত করতে ভূমির উপর অধিকার ও শিক্ষার সুযোগ থাকা দরকার।”
আদিবাসীরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখে মত দিয়ে সঞ্জীব দ্রং বলেন, “প্রকৃতির সন্তান হিসেবে আদিবাসীরা প্রকৃতিকে বাঁচাতে চায়। বুড়িগঙ্গার দুই তীরে যদি আদিবাসীদের লোকালয় থাকত, তাহলে নদীটির এই দশা হতো না।”
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
